প্রকাশিত: Tue, Feb 28, 2023 11:28 AM
আপডেট: Sat, Jun 6, 2026 12:25 PM

মানুষের বাকস্বাধীনতা হরণ করছে সরকার: জিএম কাদের

শাহীন খন্দকার: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, মানুষের কথা বলার অধিকার হরণ করতে বিভিন্ন নিবর্তনমূলক আইন করা হয়েছে। কালো আইনের বেড়াজালে গণমাধ্যমের কণ্ঠ নিয়ন্ত্রণ করা হচ্ছে। সাধারণ মানুষের ইচ্ছা-অনিচ্ছার খোঁজ-খবর রাখা সরকারের জন্য অত্যন্ত জরুরী। প্রেস বিজ্ঞপ্তি

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক সৈয়দ দীদার বখ্তের ‘আনন্দী প্রেরণা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জি এম কাদের একথা বলেন। 

তিনি বলেন, প্রজতন্ত্রের মানে হচ্ছে দেশের সাধারণ মানুষই দেশের মালিক। তারা দেশ পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করবে। সাধারণ মানুষের ইচ্ছেমত তাদের প্রতিনিধিত্বকারী সরকার দেশ পরিচালনা করবে। তারা সে অনুযায়ী দেশ চালাতে ব্যর্থ হলে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিবর্তন করবে সাধারণ মানুষ। 

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার বিষয়ে সাধারণ মানুষ সরকারের সমালোচনা করবে এবং মতামত দেবে এটাই স্বাভাবিক। আমরা দেশ ও মানুষের জন্য রাজনীতি করছি। ভয়-ভীতি উপেক্ষা করে আমরা গণমানুষের কথা বলবো। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের প্রকৃত এজেন্ডা। সম্পাদনা: খালিদ আহমেদ